লকডাউনে ভুল বোঝাবুঝি, অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলো পুলিশ

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- লকডাউন ভেঙে বন্ধুদের নিমন্ত্রণ করে মদ্যপানের আসর বসিয়েছেন!

এই ঘটনা আবাসনের নিরাপত্তারক্ষীর নজরে আসতেই তড়ঘড়ি মুম্বাইয়ের সংশ্লিষ্ট এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে।

সংবাদ প্রতিদিন জানায়, মুম্বাইয়ের পালি হিল সংলগ্ন একটি আবাসনের বাসিন্দা অনিতা রাজ। বুধবার সেখানেই অভিনেত্রী এবং তার স্বামী সুনীল কিছু বন্ধুবান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানান পার্টি করার জন্য। নিরাপত্তারক্ষীদের এই ঘটনাটি নজরে আসাতেই বাঁধে গন্ডগোল! তারা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সুনীল এবং অনিতার বিরুদ্ধে অভিযোগ জানান।

ফোন পেয়েই পুলিশের তরফে তৎক্ষণাৎ ফোন করা হয় অনিতার বাড়িতে। সাবধান করে দেওয়া হয় যে, তারা যদি অবিলম্বে পার্টি বন্ধ না করে, তাহলে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনিতা রাজ। জানান, তার স্বামী সুনীল একজন চিকিৎসক। তাই সুনীলের এক বন্ধুর শরীর খারাপ হওয়ায় চিকিৎসার জন্য লকডাউনের মাঝেই তাদের বাড়ি আসেন। যেহেতু বন্ধুর শরীর খারাপ ছিল, তাই তার স্ত্রীও সঙ্গে এসেছিলেন। মানবিকতার খাতিরেই এই কঠিন সময়ে তাদের না বলতে পারেননি অভিনেত্রী ও তার স্বামী।

নিরাপত্তারক্ষীর ওপরে ক্ষোভ উগরে দিয়ে অনিতা জানান, ভুল বুঝতে পেরে পুলিশও তাদের কাছে ক্ষমা চেয়েছেন।