নাম করোনা হওয়ায় পীড়নের শিকার এক অস্ট্রেলিয়ান বালককে চিঠি লিখেছেন হলিউড তারকা টম হ্যাঙ্কস। সঙ্গে পাঠিয়েছেন করোনা ব্র্যান্ডের একটি টাইপরাইটার।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, কুইন্সল্যান্ডে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর করোনা ডি ভ্রিয়েস নামের ৮ বছরের বালক চিঠি লেখে ‘টয় স্টোরি’ তারকা ও তার স্ত্রী রিটা উইলসনকে।
সে লেখে, “আমি শুনেছি তুমি ও তোমার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছো। ঠিক আছো তো?”
সঙ্গে জানায়, নিজের নামকে খুবই ভালোবাসে। কিন্তু স্কুলে তাকে ‘করোনাভাইরাস’ বলে বিদ্রূপ করা হয়। “যখন আমাকে কেউ এভাবে ডাকে খুব খারাপ লাগে ও রাগ হয়।”
উত্তরে ‘ডিয়ার ফ্রেন্ড করোনা’ সম্বোধন করেন হ্যাঙ্কস। তিনি বলেন, “তোমার চিঠি আমার স্ত্রী ও আমাকে খুবই অবাক করেছে। ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ- যখন অবস্থা খারাপ হয় বন্ধুই বন্ধুকে ভালো রাখে।”
মার্চে সিনেমার কাজে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে যাওয়ার পর টম ও রিটা শরীরের করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর গোল্ড কোস্টের হাসপাতালে চিকিৎসা ও ভাড়া বাড়িতে আইসোলেশন শেষে তারা যুক্তরাষ্ট্রে ফেরেন।
টম হ্যাঙ্কস চিঠিকে আরও লেখেন, “তুমিই একমাত্র ব্যক্তি যার নাম করোনা হিসেবে জানি। ঠিক যেন সূর্যের চারপাশে একটি বলয়, একটি মুকুট।”
চিঠির সঙ্গে ওই বালককে করোনা ব্র্যান্ডের একটি টাইপরাইটার পাঠিয়েছেন ‘ফরেস্ট গাম্প’ অভিনেতা, এটি তিনি গোল্ড কোস্টে কোয়ারেন্টাইনের সময় ব্যবহার করেছেন।
এ দিকে ডি ভ্রিয়েস পরিবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নাইন নিউজকে জানায়, ‘যুক্তরাষ্ট্রে নতুন বন্ধু’ পেয়ে দারুণ খুশি করোনা।