নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনির শিকার হয়ে জুয়েল হোসেন নামে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। আড়াইহাজার থানার এসআই আবদুর রহমান বাদী হয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বৃহম্পতিবার স্থানীয় ডালিমের আবাদি জমিতে পড়ে থাকা অবস্থায় ডাকাত সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে একই এলাকার আব্দুল কাদিরের টিনের ঘরের বেড়া ও দরজা ভাঙার চেষ্টাকালে তার পরিবারের লোকজন ডাকাত বলে চিৎিকার দেয়। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত বলে অবহিত করলে আশপাশের কয়েক গ্রামের লোকজন মিলে মুখোশ পরিহিত ১০ থেকে ১১ জনের ডাকাতদলকে ধাওয়া দেয়।
একপর্যায়ে ডাকাত সদস্য জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও নরসিংদী মডেল থানায় একটি মামলা রয়েছে।