কয়েকদিন আগে ডাক্তার-নার্স তথা স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেলের দরজা খুলে দেন। পাশাপাশি লকডাউনে সংকটে পড়া প্রায় ৪৫ হাজার দুস্থদের দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারতীয় অভিনেতা সোনু সুদ।
এবার রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ নিলেন বাংলা, বিহার, উত্তর প্রদেশ-সহ আরও কয়েকটি রাজ্যের প্রায় ২৫ হাজার শ্রমিকদের জন্য।
সংবাদ প্রতিদিন জানায়, দিন কয়েক আগেই শক্তি আনন্দম নামে একটি সংস্থা চালু করেছেন সোনু সুদ। এই স্বেচ্ছাসেবী সংস্থার নাম বাবা শক্তি সাগর সুদের নামানুসারে রেখেছেন তিনি।
মুম্বাইয়ের ভিওয়ারিতে আটকে থাকা ২৫ হাজার অভিবাসী শ্রমিকদের জন্য কয়েকটি অস্থায়ী রান্নাঘর তৈরির উদ্যোগ নিয়েছেন সোনু। যেখান থেকে রান্না করা খাবার সোজা পৌঁছে যাবে শ্রমিক ও তাদের পরিবারের কাছে।
পবিত্র রমজান মাসে যাতে কাউকে অভুক্ত না থাকতে হয়, সেইজন্যই সোনুর এই উদ্যোগ। সব মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেছেন অভিনেতা।
সোনুর কথায়, “আমি ওদের (অভিবাসী শ্রমিকদের) আশ্বস্ত করেছি যে রমজানের পবিত্র মাসে তাদের সবরকম প্রয়োজনীয়তার দিকে খেয়াল রাখা হবে। এই কঠিন সময়ে আমাদের প্রত্যেকের প্রত্যের পাশে দাঁড়ানো উচিত। তাই আমার সংস্থার তরফে খাবারের স্পেশ্যাল কিট সরবরাহ করা হবে, যাতে তারা সারাদিন উপোসের পর ক্ষুধার্ত না থাকে।”