বরিশালে প্রস্তুত হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

বরিশালে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক এই কোয়ারেন্টাইন প্রস্তুত করছে জেলা প্রশাসন।

ইতিমধ্যে নগরের দুটি ছাত্রাবাসকে ওই কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে।

জানা যায়, নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) আওতাধীন দুটি ছাত্রাবাসকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করার কাজ শুরু হয়েছে।

পিটিআইর শের-ই-বাংলা ও আহসান হাবীব নামের দুই পুরুষ ছাত্রাবাসে ২৬টি কক্ষে ৫২ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা যাবে।

বরিশাল জেলা প্রশাসনের মিডয়িা সেল জানায়, করোনাভাইরাসের সতর্কতা হিসেবে আগাম প্রস্তুতি ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করার কাজ চলছে।

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়। এ পর্যন্ত এ জেলায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বরিশালের মুলাদীতে শনাক্ত হওয়ার আগে করোনায় একজনের মৃত্যু হয়।

বরিশালের জেলা প্রশাসক এস আমে অজিয়র রহমান বলেন, বরিশাল অঞ্চলে করোনা প্রতিরোধে সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। করোনা পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে শনাক্ত হওয়া ব্যক্তিদের বসবাসের এলাকা নিশ্চিত করে লকডাউন করা হচ্ছে। তাদের আইসোলেশনে রেখে অন্যদের নিরপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তদের অবস্থান, যাতায়াতের স্থান ও সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এ ছাড়া করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রস্তুত রাখা হচ্ছে।