লকডাউনে পরিচারিকার শেষকৃত্য করে প্রশংসিত গৌতম গম্ভীর

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে ভারতজুড়ে চলা ‘লকডাউনের’ ফলে গৃহ পরিচারিকার শেষকৃত্য করতে হলো প্রাক্তন ক্রিকেটার ও বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীরকেই।

জানা যায়, কয়েক দিন আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে মারা যান গৌতম গম্ভীরের বাসার পরিচারিকা ওডিশার জাজপুরের বাসিন্দা সরস্বতী পাত্র। তবে লকডাউন থাকায় তার মরদেহ ওডিশা পাঠানো যায়নি।

এ পরিস্থিতিতে গম্ভীর পরিবারের সদস্যের মতোই সরস্বতী পাত্রের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করেন সাংসদ।

টুইটারে গম্ভীর জানান, 'উনি আমার ছোট সন্তানের দেখভাল করতেন। উনি কখনই পরিচারিকা হতে পারেন না। পরিবারের সদস্যা ছিলেন।'

তিনি আরও জানান, জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থা বিবেচনা না করে সকলকে সম্মান করা উচিত। এভাবেই উন্নত সমাজ গড়া সম্ভব।

গৌতম গম্ভীরের এই উদ্যোগের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওডিশারই বাসিন্দা ধর্মেন্দ্র প্রধান।

সূত্র: এই সময়।