লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থী মুন্নী আক্তার (১৭) ও রামগঞ্জে দুলা মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নী আক্তার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মনির গাজী মেয়ে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। দুলা মিয়া রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের চৌকিদার বাড়ীর মৃত বজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে হটাৎ প্রচন্ড ঝড় শুরু হলে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় মুন্নী আক্তার। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মুন্নী আক্তার মারা যায়।
অপরদিকে, একইদিন বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের দুলা মিয়া বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
মৃত মুন্নী আক্তারের বাবা মনির হোসেন গাজী বজ্রপাতে তার কিশোরী কন্যার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
এছাড়া উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বজ্রপাতে কৃষক দুলা মিয়ার মৃত্যু বিষয়ে জানান।