বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
এর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে কমিটির কার্যালয়ের দাপ্তরিক এ সভা শুক্রবার বিকেল ৪টায় অনলাইনে অনুষ্ঠিত হয়।
কমিটির কার্যালয়ের ২৪ কর্মকর্তা তাদের নিজ বাসস্থান থেকে অনলাইন অ্যাপস ‘জুম’ এর মাধ্যমে সভায় অংশ নেন।
বাস্তবায়ন কমিটির প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান সমন্বয়ক করোনাভাইরাসজনিত বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
মুজিব বর্ষ উদযাপনে স্মারকগ্রন্থ প্রকাশনাসহ গৃহীত কর্মসূচির আলোকে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সবাই আলোচনা করেন। করোনাভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে প্রধান সমন্বয়ক নির্দেশনা দেন।
এখন থেকে নিয়মিতভাবে অনলাইন সভায় বাস্তবায়ন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা এবং দাপ্তরিক কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় পর্যালোচনা ও সমন্বয় করা হবে বলে সভায় জানানো হয়।