ভালোবাসার মেডেল নিলামে তুলবেন আসিফ

২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের অবিস্মরণীয় কীর্তিগড়া ব্যাট, ১৯৯৫ সালে ফুটবলে দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপাজয়ী দলের অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার জার্সির পর নিলামের তালিকায় যুক্ত হচ্ছে শুটার আসিফ হোসেন খানের ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে জেতা সোনার পদকটি। গতকাল এই তারকা করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ক্যারিয়ারের সেরা এই অর্জন নিলামে তোলার ইচ্ছের কথা জানিয়েছেন।

২০ লাখ টাকায় সাকিব আল হাসানের ব্যাট নিলামে বিক্রির খবর পত্রিকায় পড়েই ইচ্ছেটা জেগে ওঠে ক্রিকেট-ফুটবল বাদে অন্য খেলায় দেশের অন্যতম সেরা তারকা আসিফের। সেদিনই বাবার কাছে ম্যানচেস্টার গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে জেতা স্বর্ণপদকটি বিক্রির কথা জানান আসিফ। ‘সাকিবকে এমন একটা উদ্যোগ নিতে দেখেই মাথায় চলে এলো আমার পদকটির কথা। ওটা তো বাক্সবিন্দই হয়ে আছে, তাই ভাবলাম যারা আমাকে তারকা বানিয়েছেন, সেই ভক্তদের জন্য এই মেডেল উৎসর্গ করি। এর ভালো মূল্য পেলে অসহায় মানুষকে কিছু সাহায্য করতে পারব।’ খেলা ছাড়ার পর আর্থিকভাবে খুব ভালো নেই আসিফ। বিকেএসপির চাকরিটাই সম্বল। তারপরও মানুষের দুর্দশায় বুকে আগলে রাখা ভালোবাসার মেডেলের মায়া ত্যাগ করতে প্রস্তুত তিনি।