কোরিয়ান লিগ শুরু ৮ মে

দক্ষিণ কোরিয়ার ক্রীড়াপ্রেমীদের স্বস্তির খবর দিল দেশটির ফুটবল লিগ কর্র্তৃপক্ষ। বন্ধ দরজায় দর্শকশূন্য স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হচ্ছ ‘কে-লিগ’। একই দিন শুরু হবে দ্বিতীয় বিভাগ ফুটবলও। এই মৌসুমের কে-লিগ শুরু হওয়ার কথা ছিল ২৯ ফেব্রুয়ারি থেকে।

করোনাভাইরাস বিস্তারের শুরুর কিছু দিনের মধ্যেই শক্ত পদক্ষেপ নেয় দক্ষিণ কোরিয়া সরকার। ফলে পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। কোরিয়ান ফুটবল লিগ কর্র্তৃপক্ষ এক বিবৃতিতে গতকাল জানিয়েছে লিগ শুরুর কথা। কে-লিগে খেলে মোট ১২টি দল। তবে এবারের মৌসুমে ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ৩৮ ম্যাচের বদলে খেলা হবে ২৭টি। লিগের শেষ দলটি নেমে যাবে দ্বিতীয় বিভাগ লিগে। কে লিগের নিয়মটি একটু ভিন্ন। প্রতিটি দল প্রথম পর্বে তিনটি করে ম্যাচ খেলে একে অপরের বিরুদ্ধে। তার পর শীর্ষ ৬ দল এবং পরের ৬ দল দুটি ভাগে বিভক্ত হয়। ৬ দল আবার একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলে। লিগ চলাকালে কোনো দলের খেলোয়াড় বা কর্মকর্তা করোনায় আক্রান্ত হলে পরবর্তী দুই সপ্তাহ সেই দল কোনো ম্যাচ খেলবে না। পরিস্থিতির উন্নতি হওয়ায় দলগুলো একে অপরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে পারবে।