টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে বিদ্যুতের লাইনের ওপর গাছের ঢাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ফলে তিন দিন ধরে অন্ধকারে রয়েছে পুরো গ্রামের অন্তত আড়াই হাজার পরিবার। বিচ্ছিন্ন হয় ইন্টারনেট সেবাসহ বৈদ্যুতিক পরিষেবা। এতে দিনভর ভ্যাপসা গরম আর রাতের অন্ধকারে এলাকাবাসী অতিষ্ঠ।
কালিহাতী উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ জানান, ইছাপুর ফিডারের অন্তত আড়াই হাজার পরিবার ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইনের কাজ চলছে তবে আজ শুক্রবার (গতকাল) রাতের দিকে ওই গ্রামবাসী বিদ্যুৎ পাবে।
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টর্নেডোতে দুটি রাইস মিল ও তুলার গোডাউনসহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাত্র ১ মিনিটের মধ্যে গাছপালাসহ বাড়িঘর ভেঙে যায়। এছাড়া টর্নেডো আর শিলাবৃষ্টির আঘাতে এবং গাছচাপা পড়ে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।