আজ ‘নির্যাতিত’ পরিবারগুলোকে ঈদ উপহার দেবে বিএনপি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ‘নিহত, গুম ও নির্যাতিত’ দলের নেতাকর্মীদের পরিবারগুলোকে উপহার সামগ্রী দেবে বিএনপি। আজ শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে এসব উপহার তুলে দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারী প্রাণঘাতী কভিড-১৯ মোকাবিলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। এমন কঠিন সময়ের মধ্যেও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরও ‘সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে, গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত’ পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ, ২০২০-এর সূচনা করা হবে।