নির্মাণযন্ত্র ছিঁড়ে মাথায় পড়ে রূপপুর প্রকল্পের প্রকৌশলী নিহত

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র (মোব প্রেসার কংক্রিট পাম্প) ছিঁড়ে মাথায় পড়ে প্রকৌশলী আব্দুল মবিন (৩৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে আহত মবিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে মারা যান। পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলীর ছেলে মবিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পাহাড়পুর কুলিং টাওয়ারের’ প্রকৌশলী ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে প্রকল্পের পদ্মা নদী সংলগ্ন কুলিং টাওয়ারের স্তম্ভ নির্মাণের জন্য ২ হাজার ৯০০ লোডের ঢালাই কাজ চলছিল। এ সময় মোব প্রেসারের হুক ছিঁড়ে কংক্রিট পাম্প মবিনের মাথায় পড়ে। উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রামেক হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার  প্রকৌশলী আব্দুল মবিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।