প্রতিদিন ইফতারের আগে বৈশাখী টেলিভিশন প্রচার করবে বিশেষ ধারাবাহিক ‘রোজাদারের আনন্দ’।
নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। গল্পের মাধ্যমে রমজানের ফজিলতগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
গল্পকার টিপু আলম মিলন বলেন, “রোজা তো আনন্দের বিষয়, সেটি উঠে আসবে এই গল্পে। রোজা রাখার বিষয়ে মুসলিমদের উৎসাহ দেওয়া এবং এর উপকারিতা তুলে ধরাই নাটকটির মূল উদ্দেশ। ধারাবাহিকটির গল্প সাজিয়েছি সেভাবেই। আর প্রচারের সময় হিসেবে বেছে নিয়েছি ইফতারের আগের বিশেষ সময়টিকে। এ কারণে বেশির ভাগ মানুষ একসঙ্গে বসে নাটকটি উপভোগ করতে পারবেন।”
‘রোজাদারের আনন্দ’ ধারাবাহিকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ।
শনিবার থেকে প্রতিদিন বিকেল সোয়া ৫টায় প্রচার হবে নাটকটি।