এটাই কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র, প্রশ্ন রিজভীর

সরকার নিজ দলের লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে ত্রাণের মালামাল চুরি করার সুযোগ করে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এটাই কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র?

শনিবার সকালে সূত্রাপুর এলাকায় রায়সাবাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এমন প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি অনেক মানুষ না খেয়েও মারা যাচ্ছেন।’

তিনি বলেন, ‘কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনো কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দি, কাজ পাবে কোথায়? তাদের সহায়তা করার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায়, জেলায়, মহানগরীতে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসছে। গরিব-দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে মানুষকে দিচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি- ক্ষমতাসীন দলের লোকদের খাটের নিচ থেকে তেল বেরুচ্ছে। ঘরের ভেতর থেকে চাল বের হচ্ছে। গ্রামের খড়ের পালার ভেতর থেকে হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে। এটা কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র?’

তিনি আরও বলেন, ‘সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে কায়দায় চুরি করার সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।’

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সুত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।