ভোলায় আইসোলেশনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে তিনি মারা যান। তবে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃদ্ধের বাড়ি দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি রূপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপল অফিসার ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জনায়, গত বৃহস্পতিবার জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ইউনুস হাওলাদার (৭০) নামের ওই বৃদ্ধ ভোলা সদর হাসপাতালে আসেন। তাৎক্ষণিক তাকে করোনা ইউনিটের আইসোলেশনে নেওয়া হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে শনিবার সকাল ১০টা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।

ভোলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের ২২৪ জনের রিপোর্ট নেগেটিভ এবং ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে জেলায় করোনা সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে দুটি রিপোর্ট পজিটিভ ও ২২৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান।

এছাড়াও জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৮ জন। আইসোলেশনে রয়েছেন ২ জন।