ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ

ঠাকুরগাঁও সদর উপজেলায় রাসেল (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ভোপলা গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

রাসেল সদর উপজেলা বেগুনবাড়ি ইউপির ভোপলা গ্রামের কৃষক সাদেকুল ইসলামের ছেলে। তিনি বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বনি আমীন জানান, শুক্রবার সন্ধ্যায় রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

দুপুরে তার চাচা ইয়াকুব আলী বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে রাসেলের মরদেহ  দেখতে পান। পরে তিনি ঘটনাটি ঠাকুরগাঁও থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের দাবি, কয়েকদিন আগে নিহত রাসেলের বোনকে এলাকার বখাটে একদল যুবক উত্ত্যক্ত করতো। প্রতিবাদ করা্য় রাসেলকে তারা খুন করে।

ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রোকসনা বেগম।

ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা সম্ভব হবে।