আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

দেশের অন্যতম শস্য ভান্ডার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার গাদিঘাট এলাকার বিলের এক একর জমির পাকা ধান কেটেছেন তারা।

সকাল ১০টার দিকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানের নেতৃত্বে আড়িয়াল বিলের কৃষকের জমির ধান কাটতে নামেন ৩০-৩৫ জন নেতাকর্মী।

এ সময় প্রায় দুই ঘণ্টা ধরে গাদিঘাট এলাকার বিলের মালেক মোড়লের এক একর জমির পাকা ধান কাটেন তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আশিষ মজুমদার, নাফিউল করিম নাফা, কৃষিবিদ মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন অনু, মো. আক্তার প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাড়া দিয়ে যার যার অবস্থানে থেকে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবিলায় আমরা আড়িয়াল বিলের ধান কেটে দিচ্ছি। শুধু আড়িয়্ল বিল নয়, সারা দেশের কৃষকের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, প্রায় ২৬ হাজার একর আয়তনের আড়িয়াল বিলে প্রায় ২৪ হাজার একর জমিতে ধান চাষ হয়। প্রতি বছর এ বিলে উৎপাদিত হয়ে থাকে প্রায় ৪০ হাজার টন ধান। আড়িয়াল বিলের শ্যামসিদ্ধি, গাদিঘাট, মত্তগ্রাম, মুন্সীর হাটি, ষোলঘর, সমসাবাদ, কেয়টখালী, মাইজপাড়া, হাঁসাড়া লস্করপুর, পুটিমারা, আলমপুর, শ্রীধরপুর, বাড়ৈখালী, মদনখালী, কালাইমারা, মরিচ পট্টি-প্রভৃতি এলাকার বিস্তীর্ণ জমিতে ধান চাষ হয়ে থাকে।