২০০ নাটক নির্মাণের সিদ্ধান্ত নিল চার টিভি সংগঠন

করোনার এই দুর্যোগ অর্থনৈতিকভাবে কাটিয়ে উঠতে টেলিভিশনের চারটি সংগঠন বিশেষ ব্যবস্থায় নাটক নির্মাণের কথা ভাবছে। সংগঠনগুলোর মধ্যে আছে—টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড ও নাট্যকার সংঘ।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম করোনার এই সময়ে ফান্ড তৈরির জন্য এমন প্রস্তাব রেখেছেন অন্য সংগঠনের কাছে। এতে অন্যরাও একমত পোষণ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও আলোচনার দরকার বলে মনে করে তারা।

গণমাধ্যমকে নাসিম বলেন, ‘নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ঘরে বসে কিংবা প্যানেলে বসেই হোক—আমরা যদি ২০০ নির্মাতাকে নাটক তৈরির দায়িত্ব দিই, সেখান থেকে নির্মাণের টাকার একটি অংশ আমাদের আন্তঃসংগঠনের তহবিলে দেওয়া হবে। নির্মাতা, শিল্পী-কলাকুশলীদের অনেক পাওনা টাকা বকেয়া আছে। সেগুলো তোলার উদ্যোগ নেওয়া দরকার। আরেকটি বিষয় আমরা ভাবছি, যেসব করপোরেট প্রতিষ্ঠান আমাদের পৃষ্ঠপোষকতা করে, তাদের কাছে আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া। এতে করে হয়তো অসচ্ছল শিল্পীদের কিছুটা সাহায্য করা সম্ভব। কারণ আমরা কেউ-ই জানি না এই মহামারি কত দিন থাকবে।’

সংগঠনগুলো থেকে জানা যায়, এখনো বিষয়টি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদি লকডাউন শিথিল হয় তাহলে ২০০ জন নির্মাতাকে এ দায়িত্ব দেওয়া হতে পারে। নাটকগুলো শুধু করোনা ফান্ডের জন্যই তৈরি হবে।