করোনা জয় করে বাড়ি ফিরলেন পুলিশ কনস্টেবল হাবীব

রংপুরের শাহ আলমের পর করোনা জয় করে বাড়ি ফিরলেন পুলিশ কনস্টেবল বগুড়ার আদমদীঘি উপজেলার আহসান হাবীব। শনিবার সন্ধ্যার পর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কাজল জানান, আহসান হাবীবের নমুনা পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টার ব্যবধানে পর পর দুই বার নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।

জানা গেছে, গত ১৬ এপ্রিল রাত ৯ টায় পুলিশ কনস্টেবল আহসান হাবীবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। জ্বর, সর্দি-কাশি নিয়ে গত ১২ এপ্রিল তিনি  ঢাকা থেকে মটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ী আদমদীঘি উপজেলার নশরৎপুরে যান।

পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানোর হয়। ১৬ এপ্রিল সন্ধ্যার পর পরীক্ষা রিপোর্টে ওই পুলিশ সদস্য করোনা রোগী হিসেব শনাক্ত হন। এরপর তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয়। সকলের ফলাফল নেগেটিভ আসলেও আহসান হাবীবের নানা শ্বশুরের ফলাফল করোনা পজেটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। ২৯ বছর বয়সী ওই পুলিশ কন্সটেবল ঢাকায় দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, বগুড়ার মহাস্থানে রাস্তায় পড়ে থাকা রংপুরের শাহ আলম বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিয়ে শুক্রবার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বগুড়ায় এখন করোনায় আক্রান্ত ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।