করোনভাইরাসের কারণে ক্রিকেট সিরিজ স্থগিতের তালিকা বাড়ল। এবার যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের ইংল্যান্ড সফর।
জুনের শুরুতে থেকে সফর শুরুর কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে মে পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোয় সিরিজটি পেছাচ্ছে। শনিবার উইন্ডিজ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে নিশ্চিত করে।
সিরিজের প্রথম টেস্ট হওয়ার কথা ছিল ওভালে ৪-৮ জুন, দ্বিতীয় টেস্ট এজবাস্টনে ১২-১৬ জুন আর শেষটি লর্ডসে ২৫-২৯ জুন। এর মধ্যে এজবাস্টন স্টেডিয়াম ব্যবহার হচ্ছে ইংল্যান্ডের করোনাভাইরাস টেস্ট সেন্টার হিসেবে। নির্ধারিত সময়ে মাঠ প্রস্তুত করে তোলা কোনোভাবেই সম্ভব না। এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচলও বন্ধ আছে। সব মিলিয়ে অনিশ্চয়তায় না থেকে সফরই পেছানোর সিদ্ধান্ত নিল উইন্ডিজ।
তবে সিরিজটি কবে হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি খেলতে ইচ্ছুক উইন্ডিজ। এর আগে সিরিজ ক্যারিবিয়ান দ্বীপে আয়োজনের প্রস্তাবও দিয়েছিল তারা।