প্রাণিসম্পদ গবেষণা

ইনস্টিটিউটে করোনার নমুনা পরীক্ষা শুরু

করোনাভাইরাস শনাক্তে সন্দেভাজনদের নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পাওয়া ধামরাই ও পার্শ্ববর্তী এলাকার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল (বায়োসেইফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব সুবিধা রয়েছে। প্রতিদিন এখানে প্রায় ৩০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে নমুনা পরীক্ষার জন্য এই ইনস্টিটিউটের ল্যাব নির্বাচনে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়।

এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া নমুনা সংগ্রহ, গবেষণাগারে প্রেরণ ও শনাক্তকরণ এবং ডাটা এন্ট্রি ও ডকুমেন্ট তৈরিসহ নমুনা শনাক্তকরণে ১৪ সদস্যের টিম কাজ করছে। আর পুরো কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও সহায়তায় রয়েছে ৬ সদস্যের একটি মনিটরিং টিম।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে আমার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে আমাদের অত্যাধুনিক ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।’