করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির মধ্যে যারা পণ্যবাহী পরিবহনে যাত্রী আনা-নেওয়া করবে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল শনিবার বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আইন অনুযায়ী কেউ এ বিধি লঙ্ঘন করলে এক মাসের কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
বিআরটিএ পরিচালক (প্রকৌশল) লোকমান হোসেন মোল্লার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখাসহ পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে। এ অবস্থায় লক্ষ করা যাচ্ছে যে, কোনো কোনো পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে এ বিষয় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সড়ক পরিবহন আইনের ২০১৮ সালের ১০২ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ধারা ১১৮ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) মাসের কারাদণ্ড, বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।’ ১১৮ ধারায় (১) বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি, চালক, শ্রমিক, মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান বা তাহাদের প্রতিনিধিকে এই আইনের অধীন কোনো তথ্য প্রদান বা অন্য কোনো কার্য করিবার নির্দেশ প্রদান করা হয়, তাহা হইলে উক্ত ব্যক্তি, চালক, শ্রমিক, মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান বা তাহাদের প্রতিনিধি উক্তরূপ নির্দেশ প্রতিপালনে বাধ্য থাকিবে।’