করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম মারা গেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। শুক্রবার খন্দকার মিল্লাতুল ইসলামের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বলেন, মারা যাওয়ার পর খন্দকার মিল্লাতুল ইসলামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার প্রতিবেদনে তার শরীরে কভিড-১৯ সংক্রমণ ছিল বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
উত্তম কুমার রায় বলেন, অসুস্থ হয়ে পড়লে ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খন্দকার মিল্লাতুল ইসলামকে। সন্ধ্যার পর সেখানে মারা যান তিনি।
খন্দকার মিল্লাতুল ইসলামের বাসা বনানীর ৪ নম্বর সড়কে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যান মিল্লাতুল ইসলাম। অবসরে যাওয়ার পর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন তিনি।