মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার আবিরপাড়া গ্রামের প্রথম আক্রান্ত এক বৃদ্ধা (৭০) করোনা জয় করে বাড়ি ফিরতে যাচ্ছেন। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ওই বৃদ্ধা পুরোপুরি সুস্থ বলে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত হওয়ার ১৫ দিনের মাথায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার করোনামুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে ঢাকার আইইডিসিআর। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, ওই বৃদ্ধা সুস্থতা অনুভব করলে দুই দফায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে ওই বৃদ্ধা করোনামুক্ত বলে জানানো হয়েছে।