ভারত শাসিত কাশ্মীরে করোনা লকডাউনের মধ্যেই সেনা অভিযানে কমপক্ষে ২১ জন স্বাধীনতাকামী নিহত হয়েছেন।
পিটিআই’র বরাত দিয়ে দ্য হিন্দু’র প্রতিবেদনে এবং এই সময়ের প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।
শনিবারের এক প্রতিবেদনে এই সময় জানায়, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভোরে সেনা ও ‘সন্ত্রাসবাদীর’ গুলির লড়াই শুরু হয়। পুলওয়ামা জেলায় অবন্তীপোরার গোরিপোরা এলাকায় সেনার গুলিতে খতম হয়েছে তিন ‘সন্ত্রাসবাদী’।
এর আগে দক্ষিণ কাশ্মীরের বিজবিহারার আরওয়ানিতে শুক্রবার দুই ‘জঙ্গিকে’ খতম করে নিরাপত্তা বাহিনী। নিহত ‘জঙ্গিরা’ এক পুলিশ কর্মীকে অপহরণ করেছিল। তাকে ‘জঙ্গিদের’ কবল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পিটিআই’র বরাত দিয়ে দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়েছিল, লকডাউনের মধ্যে কাশ্মীরে সেনা অভিযানে কমপক্ষে ১৮ ‘সন্ত্রাসী’ নিহত হয়।
প্রসঙ্গত, কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের ভারতীয় সরকার ও গণমাধ্যম ‘সন্ত্রাসী ও জঙ্গি’ হিসেবে সম্বোধন করে থাকে।
পিটিআই’র প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, চলতি বছরে কাশ্মীরে সেনা অভিযানে এখন পর্যন্ত ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্যও প্রাণ হারিয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরে সেটা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। আরেক দফা বাড়িয়ে সেটা ১৬ মে পর্যন্ত করা হতে পারে আলোচনা রয়েছে।
দ্য হিন্দুর রবিবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছে ২৬ হাজার ২৪৯ জন। মারা গেছেন ৮২৫ জন।