দুই ছেলের সঙ্গে হৃতিক: অসাধারণ মুহূর্তের সাক্ষি সুজান

হৃতিক রোশন নিশ্চয় বলিউডের সুখী মানুষদের একজন। তাকে ঘিরে রয়েছে পারিবারিক ভালোবাসা। করোনা লকডাউনকে ঘিরে সম্প্রতি তার বাড়িতে ফিরেছেন সাবেক স্ত্রী সুজান খান। তারা দুজন মিলে ছেলে হৃহান ও হৃদানের দেখাশোনা করছেন।

সন্তানদের নিয়ে হৃতিক-সুজান কীভাবে জীবনকে উদযাপন করছেন- তার টুকরো টুকরোভাবে ছবি আমরা আগেও দেখেছি। আর লকডাউনে সুজান একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে জানালেন, কতটা ভালো আছেন তারা। সেখানে দুই পুত্রের সঙ্গে ব্যালকনিতে দাঁড়িয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ‘কাহো না পেয়ার হ্যায়’ নায়ক।

শুধু ছবিই দেননি, সঙ্গে উইলিয়াম হেনরি ডেভিয়েস থেকে উদ্ধৃত করেছেন সুজান। যেখানে উঠে এসেছে জীবন ও ভালোবাসার সম্পর্ক। তবে কি আবার এক হচ্ছেন রাকেশ রোশনের ছেলে ও নামি ফ্যাশন ডিজাইনার।

হৃতিক ও সুজান বিয়ে করেন ২০০০ সালে, তাদের ছাড়াছাড়ি হয় ২০১৪ সালে। তাদের বিচ্ছেদের কারণ নিয়ে একাধিক গুঞ্জন থাকলেও তারা কখনো এই নিয়ে মুখ খোলেননি। তবে কঙ্গনা রনৌতের সঙ্গে হৃতিকের প্রেমকে অনেকে কারণ হিসেবে উল্লেখ করেন।

তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সাবেক এই দম্পতির সম্পর্ক বরাবরই ভালো। সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায় প্রায়ই। আর এবার তো একদম কোয়ারেন্টাইন পিরিয়ডে সাবেক বরের বাড়িতে হাজির অভিনেতা সঞ্জয় খানের মেয়ে। তবে  হৃতিক ও সুজানের পরিবার আশা করে অতীতের তিক্ততা ভুলে আবারও এক হবেন তারা।