মুন্সীগঞ্জে করোনায় মৃত পল্লী বিদ্যুতের লাইনম্যানের স্ত্রীও আক্রান্ত

করোনার হটস্পট নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে রবিবার নতুন করে একজন আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। নতুন আক্রান্ত হয়েছেন একজন নারী। তিনি করোনায় মারা যাওয়া পল্লী বিদ্যুতের লাইনম্যানের স্ত্রী। রবিবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত নারী তার সিপাহীপাড়া এলাকার বাড়িতে অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন। গেল ১৯ এপ্রিল অসুস্থ্ হয়ে মারা যান মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান।

দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হলে পরবর্তীতে তার করোনা শনাক্ত হয়। এতে ওই লাইনম্যানের স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রবিবার সকালে ৩৭ বছর বয়সী এ নারীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে ঢাকা আইইডিসিআর।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৪০১ জনের পরীক্ষার ফলাফলে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫৫ জনের নমুনার ফলাফল এখনও আসেনি।