‘করোনা আইনে’ ইতালিতে মুক্তি পাচ্ছে মাফিয়ারা

নভেল করোনাভাইরাসের সময় কারাবন্দী আইনে পরিবর্তন আনার পর ইতালিতে বেশ কয়েকজন মাফিয়া নেতাকে ছেড়ে দিচ্ছে দেশটির সরকার।

ইতালির মাফিয়া-বিরোধী আইনজীবী ফেডেরিকো ক্যাফেরো দে রহো সিএনএনকে জানিয়েছেন, প্রভাবশালী কয়েক জন নেতাকে জেল থেকে মুক্তি দিয়ে বাড়িতে ‘হাউজ অ্যারেস্ট’ অবস্থায় রাখা হবে।

ইতালিতে মাফিয়াদের দাপট অনেক আগে থেকেই। ৮৩১ থেকে ১০৭২ সাল পর্যন্ত ভূমধ্যসাগরীয় বড় দ্বীপ সিসিলি আরব শাসনে ছিল। তখন থেকেই এটা ছিল বণিকদের ঘাঁটি। এই সিসিলির রাজধানী হলো পালার্মো। অন্য শহরের কেন্দ্রস্থল জমজমাট হলেও পালার্মোর কেন্দ্রস্থল ছিল প্রায় পরিত্যক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমার আঘাত সারাতে অনেক দেরি হয়েছিল। ইতালির অন্য শহরগুলো বিশ্বযুদ্ধের পর নতুন করে বানানো হলেও পালার্মোর বোমাবিধ্বস্ত কেন্দ্রস্থলটা ভাঙাচোরা কপাল নিয়ে চলে গিয়েছিল মাফিয়াদের দখলে।

তাদের অত্যাচারে এবং আয়রোজগারের অভাবে শহরটা ছেড়ে চলে যায় প্রায় ২৯ হাজার সিসিলীয়। প্রায় জনশূন্য হয়ে পড়ে এলাকাটা। তাদের জায়গায় আসে প্রায় ৩০ হাজার অভিবাসী। এদের বড় একটা অংশ আবার বাংলাদেশি!

করোনাভাইরাস ইতালিতে মহামারী সৃষ্টি করার পর এই মাফিয়ারা সাধারণ মানুষকে খাবার দিয়ে নিজেদের পক্ষে টেনেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

ইতালির আদালত জানিয়েছে, যেসব মাফিয়ার সাজার মেয়াদ ১৮ মাস কিংবা তার কম বাকি আছে, তাদের গৃহবন্দী অবস্থায় রাখা হবে।