চিকিৎসক থেকে শুরু করে নার্স, আয়া, অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে। এর আগে লাখাই ও চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ১ জন চিকিৎসক, ২ জন নার্স, ২জন প্যাথলজিস্ট, ১ জন ব্রাদার, ১ জন ক্লিনার, ২ জন আয়া, ২ জন অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। একই দিন হবিগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরেরও করোনা পজিটিভ এসেছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান উদ্ভূত পরিস্থিতিতে আগামী তিন দিনের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল বন্ধ করা হয়েছে। তবে করোনা রোগীর সেবা অব্যাহত থাকবে।
এদিকে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেটের শামছুদ্দিন হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
হবিগঞ্জে গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা মাইক্রোবাস চালকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। আইইডিসিআর ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে শনিবার রাত পর্যন্ত জেলায় ৪৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।