বাড়ি ফিরতে চেয়ে পুলিশের কাছে ২০ শ্রমিকের আবেদন

আলু উত্তোলন করতে এসে করোনার কারণে লকডাউনের মুখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আটকা পড়েছেন রংপুরের পীরগাছার ২০ জন নারী ও পুরুষ শ্রমিক। বাড়িতে ফিরতে চেয়ে তারা পুলিশের কাছেও আবেদন করেছেন।

ওই শ্রমিকদের সকলের বাড়িই পীরগাছা উপজেলার নবু হাঁড়িয়া ঘাট গ্রামে। তারা টঙ্গিবাড়ী উপজেলার আমতলী এলাকায় অবস্থান করছেন।

টঙ্গিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, শ্রমিকদের একটি আবেদন পত্র পেয়েছেন তিনি। তারা আলু উত্তোলন করতে এখানে এসেছিলেন। এখন নিজ বাড়ি এলাকার জমির ধান পেকেছে। তাই ধান উত্তোলন করতে নিজ গ্রামের বাড়িতে ফিরতে চান।

করোনায় যানবাহন চলাচল বন্ধ ও বিভিন্ন এলাকা লকডাউন থাকায় নিজ গ্রামের বাড়ি ফিরতে চেয়ে লিখিত আবেদন করেছেন ওই সব শ্রমিক। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়া তিনি ওই শ্রমিকদের কোথাও যেতে দিতে পারছি না।

ওই শ্রমিকরা জানান, আলু উত্তোলনের মৌসুমে ২০ জন শ্রমিকের একটি দল আমতলী গ্রামে আসেন। দিনমজুর হিসেবে এ গ্রামের বিস্তীর্ণ জমির আলু উত্তোলন করেন তারা। আলু উত্তোলন শেষে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় তারা আমতলী গ্রামে আটকা পড়েন।

তারা আরও জানান, তাদের গ্রামের বাড়িতে জমির ধান পেকেছে। বর্তমানে তারা বেকার অবস্থায় আছেন। তাই পাকা ধান কাটতে নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যেতে চান তারা। কিন্তু পুলিশের কাছে লিখিত ভাবে আবেদন করেও অনুমতি পাচ্ছেন না তারা।