কুড়িগ্রামে ৫ বছরের শিশুসহ একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রামের বাড়িতে এসেছেন বলে জানা গেছে।
রবিবার কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে রয়েছেন- এক যুবক (২৬), তার শ্যালক (১৬), ও তার ৫ বছর বয়সী মেয়ে।
সদর থানার ওসি মাহফুজার রহমান একই পরিবারের তিনজনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট থানা তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
রাজারহাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিপ্লব আলী জানান, আক্রান্ত যুবকটির বাড়ি সদর উপজেলার নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণে। তার শ্বশুরবাড়ি রাজারহাট উপজেলার মাধাই মৌজার পাঠানপাড়ায়।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জ থেকে শ্বশুরবাড়ি আসার পরপরই সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে সেখানেই অবস্থান পরিবারটি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, রবিবার পর্যন্ত জেলা থেকে ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ২৫৭ জনের ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুড়িগ্রাম সদরে ৪ জন, রৌমারীতে ৩ জন, একজন ফুলবাড়ী ও চিলমারীর ১ জন বাসিন্দা রয়েছেন।