ঝিনাইদহে গত শনিবার প্রথম দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। দ্বিতীয় দিনে গতকাল রবিবার আরও সাতজন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯ জন আক্রান্ত হলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
তিনি আরও জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রবিবার (গতকাল) সকালে ১৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে সাতজন কভিড-১৯ পজিটিভ। এদের মধ্যে সদর উপজেলায় দুজন, শৈলকুপায় একজন, কালীগঞ্জে দুজন, মহেশপুরে একজন ও কোটচাঁদপুরে একজন রয়েছেন।
ঝিনাইদহ শহরে শনাক্ত নারী ঢাকা এবং অন্যজন গাজীপুর থেকে কয়েক দিন আগে বাড়ি এসেছেন। কালীগঞ্জে আক্রান্তদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন; অন্যজন কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছেন। শৈলকুপায় আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। মহেশপুরে আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক। আর কোটচাঁদপুরে আক্রান্ত ব্যক্তি গাজীপুর থেকে বাড়ি এসেছেন। আক্রান্তদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। রোগী শনাক্ত হওয়ায় জেলা লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আশপাশের কয়েকটিসহ আক্রান্তদের বাড়ি দুপুরে লকডাউন করা হয়েছে। আইনশৃখলা রক্ষাকারী বাহিনী এখন কঠোর অবস্থান নিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল কমে গেছে।’