করোনা থাকলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী

বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধির সঙ্গে সোমবার ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা মহামারি যখন থামবে তখন আমরা খুলব।’

করোনাভাইসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আলেমরা মসজিদে সীমিত আকারে জামাত করার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বাসায় বসে ইবাদত করুন। এই মহামারী যাতে কেটে যায় দোয়া করুন।

তিনি বলেন, আমরা এ দুঃসময় কাটিয়ে উঠব। আবার কল-কারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটা আবার চলে যাবে। আবার আলো আসবে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।