দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মো. মুশফিকুর রহমান  (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে। থানা পুলিশ সোমবার সকালে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাড়ীর সামনে গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। বেলা সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে পটুয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান (১৯) সোমবার গভীর রাতে বাড়ির সামনের একটি রেন্ট্রিগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রবিবার তারাবির নামাজ শেষে বন্ধুদের সাথে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে মুশফিক ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু সবাই মাছ ধরতে গেলেও মুশফিক না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলেন। বিল থেকে ফেরার পথে মুশফিককে গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেন বন্ধুরা।

সকালে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের খালু আব্দুল খালেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জনৈক স্কুলছাত্রীর সাথে মুসফিকের প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমঘটিত কারণে আত্মহত্যাটি ঘটে থাকতে পারে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা তদন্ত না করে কিছুই বলতে পারছি না। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর  মামলার প্রস্তুতি চলছে।