নবাবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার চালনাই ডিএনবি-বিডিবি ইটভাটা থেকে ওই কিশোরকে আটক করা হয়। আটক কিশোরের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শালজুর গ্রামে। সে নবাবগঞ্জের চালনাই ডিএনবি-বিডিবি ভাটায় কয়লা ভাঙার শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মেয়ে শিশুটির বাবা একই ভাটার শ্রমিকদের সরদার বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে শিশুটি শ্রমিকদের বস্তিঘরের পেছনে খেলা করছিল। ওই সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আটক কিশোর। বস্তিঘরের ভেতর থেকে দুজন শ্রমিক তা দেখতে পেয়ে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোস্তফা কামাল বলেন, মেয়েটি বয়সে শিশু আর ছেলেটি কিশোর। আইনগত বিষয় দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা নবাবগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।