করোনা: সঠিক ফল না দেয়ায় চীনা টেস্ট কিট বাতিল করল ভারত

ভারতে চীন থেকে আসা র‌্যাপিড টেস্ট কিট ভাল ফল দিচ্ছে না। এতে এসব কিট বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার পত্রিকা জানায়, প্রাথমিক কিছু উপসর্গ দেখেই যাতে রোগ নির্ণয় করা সম্ভব হয়, তার জন্য ২৭ মার্চ ৫ লাখ র‌্যাপিড টেস্ট কিটের অর্ডার দেয় ভারত। কিন্তু তা এসে পৌঁছনোর পর দেখা যায়, বেশির ভাগ কিটই ঠিক মতো কাজ করছে না। তাতেই অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগেভাগে টাকা মিটিয়ে দেওয়া হয়নি বলে, লোকসানের কোনও সম্ভাবনা নেই।

গুয়াংঝৌ ওন্ডফো বায়োটেক এবং ঝুহাই লিভজন ডায়াগনস্টিকস নামের দুই চীনা সংস্থা ওই কিটগুলি তৈরি করে। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পরীক্ষায় সেগুলোতে ত্রুটি ধরা পড়ে। 

আইসিএমআর এক বিবৃতিতে জানায়, ‘নিয়ম মেনে আগেভাগে কোনও টাকা মেটানো হয়নি, তাই একটা টাকাও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।’কিটগুলি ত্রুটিপূর্ণ হওয়ায় রাজ্যগুলোকেও তা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে আইসিএমআর।

গত কয়েকদিন ধরে এই কিট কেনা নিয়ে অনিয়মের খবরও উঠে আসে। দ্বিগুণ দামেরও বেশি মূল্যে এই কিট কেনা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এ নিয়ে হাইকোর্টে মামলা গড়ায়। 

এর আগে চীন থেকে পাঠানো করোনা টেস্ট কিটের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিল যুক্তরাজ্যও। স্পেন, চেক প্রজাতন্ত্র, জর্জিয়া, তুরস্ক এবং নেদারল্যান্ডস থেকেও একই অভিযোগ সামনে আসে। চীন থেকে আসা কিটগুলো ত্রুটিপূর্ণ, সেগুলোর মাধ্যমে পরীক্ষার ফলাফল সঠিক জানা যাচ্ছে না বলে সম্প্রতি অভিযোগ করে পশ্চিমবঙ্গ এবং রাজস্থান সরকারও।