ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ রোধে কর্মহীনদের মাঝে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের এসব চাল ফেরত দিতে আসায় স্থানীয়দের সঙ্গে ইউপি সদস্যের লোকজনের বিতন্ডা ও ধস্তাধস্তি হয়। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার কর্মহীনদের সহায়তা প্রদানে ইউপি সদস্য গোলাম রব্বানী স্থানীয় বিত্তবানদের কাছ থেকে ৬৫ হাজার টাকা চাঁদা উত্তোলন করেন। সেই টাকায় নিম্নমানের চাল কিনে গত রবিবার কর্মহীন ৩৬২ জনকে পাঁচ কেজি করে চাল দেন। এ সময় ইউপি চেয়ারম্যান মো. সোহাগ উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগ পুরো সত্য নয় দাবি স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর। এ ব্যাপারে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ বলেন, বিতরণ করা চাল ফেরত নেওয়া হয়েছে। পরে তাদের মাঝে ভালো চাল বিতরণ করা হবে।