জীবাণু প্রতিরোধী ফেইস শিল্ড বানাচ্ছে শেকৃবি

চোখ, নাক ও মুখ দিয়ে করোনা জীবাণুর সংক্রমণ ঠেকাতে রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের জন্য জীবাণু প্রতিরোধী ফেইস শিল্ড তৈরি করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গবেষণাগারে অবস্থিত ফ্যাব ল্যাবে একাই এ ফেইস শিল্ডটি তৈরি করছেন গবেষক এসএম এনামুল আরেফিন।

বিশ্বের চিকিৎসকরা ফেইস শিল্ড ব্যবহার করলেও বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের মুখে তেমন একটা দেখা মিলছে না। বাজারে খুঁজে না পাওয়া এই ফেইস শিল্ড তৈরি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাব ল্যাব।

গবেষক এনামুল আরেফিন বলেন, পিপিইর অন্যতম একটি অংশ ফেইস শিল্ড। হাঁচি ও কাশি থেকে জীবাণুর সংক্রমণ এড়াতে সামনের সারির স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য ফেইস শিল্ডগুলোর ডিজাইন করা হয়েছে। আমাদের দেশে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত ফেইস শিল্ড নেই। তাই দেশের চিকিৎসাক্ষেত্রকে আরও সুরক্ষিত করতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি।

শেকৃবি ফ্যাব ল্যাবের প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এএইচএম সোলাইমান দেশ রূপান্তরকে বলেন, উৎপাদন খরচেই ফেইস শিল্ডগুলো বিক্রি হচ্ছে। মান অনুযায়ী এদের দাম পড়ছে ২০০ থেকে ৪০০ টাকা। ইতিমধ্যে আমরা তিনটি মডেলের ফেইস শিল্ড দেশের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে প্রদান করেছি। তাছাড়া আমরা ভেন্টিলেটর নিয়েও কাজ করার চেষ্টা করছি।