জামায়াতে ইসলামী ছেড়ে আসা ও দলটি থেকে বহিষ্কৃত নেতারা এবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যেই আগামী শনিবার নতুন এই দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন জামায়াত থেকে বহিষ্কৃত মজিবুর রহমান মঞ্জু। ওইদিন আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে বলে গতকাল সোমবার অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।
একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছর ফেব্রুয়ারিতে জামায়াত ছাড়েন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন ‘সংস্কারের’ দাবিতে সরব হওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যও ছিলেন তিনি। পরে একই বছরের ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে ‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফরম গঠন করে তিন মাসের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এক বছর পর গতকাল ব্রিফিংয়ে মঞ্জু বলেন, ‘আগামী ২ মে আমাদের নতুন দলের নাম, কর্মসূচি ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। আমরা কী করতে চাই তা দেশবাসীর কাছে তুলে ধরব।’ তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে এক বছর দেশ-বিদেশে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। জামায়াতে যারা সংস্কারের দাবি তুলেছিলেন নতুন দলে তারা থাকবেন বলেও জানান তিনি। করোনা সংকটের মধ্যে দল গঠনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ভবিষ্যতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই আগেভাগেই দল গঠন করা হচ্ছে।’
ভিডিও সংবাদ ব্রিফিংয়ে জামায়াত থেকে পদত্যাগকারী সাবেক সচিব এএফএম সোলাইমান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর আবদুল ওহাব মিনার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনি লড়াই চালানো ব্যারিস্টার তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।