অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় তিনি জামিলুর রেজা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার মধ্যরাতে জামিলুর রেজা চৌধুরী রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান।

ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।