চা বাগানে বৃদ্ধের আকস্মিক মৃত্যু, মৃতেরসহ ২ জনের নমুনা সংগ্রহ

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউপির সুনছড়া চা বাগানে সোমবার রাতে আকস্মিকভাবে চৈতু কর্মকার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় করোনা সংক্রমণ আতঙ্ক বিরাজ করলে মঙ্গলবার সকালে মৃত বৃদ্ধসহ পরিবারের আরেক সদস্যের নমুনা সংগ্রহ করেছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সুনছড়া চা বাগান সূত্রে জানা যায়, বৃদ্ধ চৈতু কর্মকার সোমবার সন্ধ্যার আগে চা বাগান প্লান্টেশন এলাকায় গরু খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরেন। বাড়িতে ফিরে তিনি ভেজা জামা কাপড় পরিবর্তন করে আকস্মিকভাবে মাটিতে পড়ে যান।

তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। এ ঘটনা চা বাগানে জানাজানি হলে সাধারণ চা শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণ আতঙ্ক বিরাজ করে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করার ফলে রাতে আর বৃদ্ধের শেষকৃত্য অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল মৃত বৃদ্ধের নমুনাসহ এ পরিবারের অন্য এক সদস্যের নমুনা সংগ্রহ করা হলে বৃদ্ধের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সুনছড়া চা বাগানের বাসিন্দা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রামভজন কৈরী সোমবার রাতে বৃদ্ধের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃদ্ধ চৈতু কর্মকার বৃষ্টিতে ভিজে সন্ধ্যায় ঘরে ফেরার পর হঠাৎ করে মাটিতে পড়ে যান। পরে রাতে মারা যান। তবে বৃদ্ধের এক নাতি ঢাকা থেকে বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে বৃদ্ধ এমনিতেই মৃত্যুবরণ করেছে। যেহেতু করোনা সংক্রমণকাল তাই এ এলাকার সাধারণ মানুষজনের আতঙ্কের কারণে মৃত বৃদ্ধসহ পরিবারের আরও এক সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ যাবৎ কমলগঞ্জ উপজেলা থেকে যতগুলো নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছিল তার সবগুলোই ফলাফল নেগেটিভ এসেছে।