যুক্তরাজ্যে ১১৪ স্বাস্থ্যকর্মীর প্রাণ কেড়ে নিল করোনা

নভেল করোনাভাইরাসে যুক্তরাজ্যে শুধু হাসপাতালেই মারা গেছে ২১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে করোনা সম্পর্কিত ১১৪ জন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর মৃত্যুর তথ্যে উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানে।   

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানাচ্ছেন, দেশজুড়ে ৮২ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১৬ জন সমাজসেবা কর্মী করোনায় মারা গেছেন। 

কিন্তু বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, শুধু স্বাস্থ্যকর্মীর মৃত্যুই ঘটেছে ১১৪টি। এর মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৫৪ জন নারী। 

মৃত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১১০ জন ইংল্যান্ডের, ৪ জন স্কটল্যান্ডের এবং ৯ জন ওয়েলসের। মৃত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭০ জন জন্মসূত্রে কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সংখ্যালঘু। এতে ২৬ জন কৃষ্ণাঙ্গ, ২১ জন দক্ষিণ এশিয়ার, ১৯ জন পশ্চিম এশিয়া, ১৪ জন ফিলিপাইনি এবং ৪ জন মধ্যপ্রাচ্যের বলে জানা গেছে। 

মৃতদের মধ্যে ২৪ জন হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা, নার্স ৩৯ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৫১ জন।  

এসব মৃত্যুর ঘটনায় উঠে এসেছে যুক্তরাজ্যে জুড়ে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৮ হাজারের বেশি। তবে আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কতো সেটি নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি বলে জানায় বিবিসি।