করোনা দুর্গতদের সহায়তায় ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’

রমজান উপলক্ষে রাজধানীর প্রায় ১০ হাজার দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজ অর্থায়নে আড়াই হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্রস্তুতি রেখেছেন তিনি। এর বাইরে ঢাকায় বসবাসকারী আরও ১০ হাজার বিত্তবান মানুষকে সঙ্গে নিয়ে মাথাপিছু ৫০০ টাকা করে অনুদানের মাধ্যমে একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। গতকাল মঙ্গলবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেইসবুক পেইজে লাইভে এসে এ আহ্বান জানান তিনি।

ইশরাক বলেন, একই সঙ্গে প্রজেক্ট ঢাকা এইড নামে একটা ফেইসবুক ইভেন্টও চালু করা হয়েছে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই প্রজেক্টের জন্য তহবিল সংগ্রহের কার্যক্রম। এছাড়াও কেউ চাইলে পরবর্তী সময়েও ডোনেট করতে পারবে। এজন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে অথবা ০১৭২২২৭৭০৮২ নম্বরে বিকাশ/রকেট অথবা নগদের মাধ্যমে যে কেউ ডোনেট করতে পারবেন।