অনুশীলন শুরু করেছে ইংলিশ ক্লাবগুলো

করোনাভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) স্থগিত আছে। লিগ কর্র্তৃপক্ষের আশা ৮ জুন থেকে আবারও মাঠে ফিরবে খেলা। তারই প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছে বেশ কিছু দল। আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্টহাম খেলোয়াড়দের এককভাবে অনুশীলন করার জন্য গতকাল খুলে দিয়েছে অনুশীলন মাঠ। টটেনহ্যামও ঘোষণা দিয়েছে দূরত্ব বজায় রেখে অনুশীলন শুরু করার।

হাই প্রোফাইল দলগুলোর মধ্যে গানার কোচ মিকেল আর্তেতা করোনা আক্রান্ত হয়েছিলেন। তার দলই ট্রেনিংয়ে ফিরল সবার আগে। আর্সেনাল খেলোয়াড়রা লন্ডনের কোলনি ট্রেনিং গ্রাউন্ডে আসেন অনুশীলনে। দলের ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেতে, ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ, সুইস মিডফিল্ডার গ্রানিত শাকাকে দেখা যায় অনুশীলন মাঠে আসতে। দূরত্ব বজায় রেখে অনুশীলন করেন তারা।

এদিকে সংক্ষিপ্ত আকারে অনুশীলন শুরুর ঘোষণা দিয়েছে টটেনহ্যাম হটস্পার। অ্যানফিল্ড ট্রেনিং সেন্টারে সেশন ভাগ করে প্রতিটিতে অল্পসংখ্যক খেলোয়াড় অনুশীলন করবে। ক্লাবের ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে। দলের খেলোয়াড়দের বেশ কিছু নির্দেশনা দিয়েছে টটেনহ্যাম। রুটিন অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে এককভাবে মাঠে আসতে হবে। অনুশীলন শেষ করে আবার নিজ নিজ বাড়ি চলে যেতে হবে। অনুশীলনের পোশাক ক্লাবের পক্ষ থেকে সরবরাহ করা হবে।

১ মে লিগের ২০ দলসহ একটি ভিডিও কনফারেন্স করবে লিগ কর্র্তৃপক্ষ। সেখানে সিদ্ধান্ত হতে পারে লিগ শুরুর। লিগ শুরু হলে সব খেলাই দর্শকশূন্য স্টেডিয়ামে হবে তা নিশ্চিত।