সহসাই টেনিস কোর্টে গড়াবে না : নাদাল

করোনা মহামারী সংকট কিছুতেই শেষ হচ্ছে না। আমেরিকা এবং ইউরোপজুড়ে মৃত্যু হয়েছে দুই লাখের ওপর। সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপে সবচেয় বাজে অবস্থা স্পেন এবং ইতালির। কবে খেলাধুলা মাঠে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল মনে করেন টেনিস কোর্টে গড়াতে অনেক দেরি আছে।

এক সাক্ষাৎকারে নাদাল বলেছেন, ‘আমি মনে করি না যে অনুশীলনে সমস্যা হবে। আসল সমস্যা ম্যাচ আয়োজনে। এমন পরিস্থিতিতে সেটা করা কঠিন। এখন দায়িত্বশীল থাকার সময়। আমি এখন খেলার জন্য বিভিন্ন দেশে ভ্রমণের কোনো সম্ভাবনা দেখছি না।’ নাদাল আরও বলেছেন, ‘আমার সমর্থক ছাড়া শূন্য গ্যালারিতে খেলতে কোনো সমস্যা নেই। তবে দুর্ভাগ্যজনকভাবে যা দেখতে পাচ্ছি তাতে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও খেলায় আর হয়তো আগের সেই প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসবে না।’ করোনা ভাইরাসের কারণে টেনিস ইতিহাসে প্রথমবারের মতো উইম্বলডন পিছিয়ে গেছে। সংশয় তৈরি হচ্ছে ফরাসি ওপেন নিয়েও। সেপ্টেম্বরে পিছিয়ে নিয়ে গেলেও তা সে সময় হবে কি না নিশ্চিত নয়।