২০১৯ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভার এবং সুপার ওভারে লর্ডসের ধারাভাষ্যকক্ষে ছিলেন ইয়ান স্মিথ। নিউজিল্যান্ডের সাবেক এই উইকেটকিপারের উত্তেজিত গলার ধারাভাষ্য সেদিন রোমাঞ্চ ধরিয়েছিল কোটি ক্রিকেটভক্তের মনে। ক্রিকেটীয় জীবন শেষের পর ধারাভাষ্যকেই নতুন ক্যারিয়ার করে নিয়েছেন ইয়ান স্মিথ। দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ উজ্জ্বল করায় এবার সম্মাননা পেলেন তিনি। বোর্ডের কাছ থেকে সম্মানস্বরূপ বার্ট সাটক্লিফ মেডেল পেয়েছেন সাবেক এই কিপার-ব্যাটসম্যান।
করোনাভাইরাসের জন্য ২০১৯-২০ মৌসুমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনলাইনে আয়োজন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। অনুষ্ঠানের প্রথম দিন সম্মাননা দেওয়া হয় স্মিথকে। তার আগে বার্ট সাটক্লিফ মেডেল পেয়েছেন ওয়াল্টার হ্যাডলি, মারভ ওয়ালচ, জন রিড, গ্রাহাম ডাওলিং, রিচার্ড হ্যাডলি ও ইউয়েন চ্যাটফিল্ড। তাদের পাশে বসতে পেরে আপ্লুত এই সাবেক ক্রিকেটার। কৃতজ্ঞতা জানিয়েছেন নিজের স্ত্রী লুইসকে, ‘আমি খুবই কৃতজ্ঞ। যারা এই পুরস্কার পেয়েছে তাদের সঙ্গে যোগ দিতে পারার কথা চিন্তা করে সত্যিই আমি কিছুটা আবেগী হয়ে পড়েছি।’