মোস্তফা সরয়ার ফারকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় ইরফান খানের বিপরীতে অভিনয় করেছিলেন বাংলাদেশের নন্দিত অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।
বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের শক্তিমান অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে দেশ রূপান্তরের কাছে স্মৃতিচারণ করেন প্রাচী।
এ অভিনেত্রী বলেন, “ইরফান খান ভীষণ বড় মাপের একজন অভিনেতা ও মানুষ। তার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি— তিনি ভীষণ রকম সমাজ সচেতনও। আমি রাজনীতি ও সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি জানার পর তিনি আমাকে ভীষণ সম্মান দিয়েছেন। শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হয়েছে। তখন দেখেছি— বিশ্ব রাজনীতি, সমাজ নিয়ে বেশ ভালো পর্যবেক্ষণ তার। মানুষকে নিয়ে তিনি ভীষণ রকম ভাবেন।”
অভিনেতা ইরফান খান প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, “ইরফান খান শুধু ভারত কিংবা বলিউডের নয়। তিনি দক্ষিণ এশিয়ার একজন অগ্রগণ্য অভিনেতা। শিল্পীকে অভিনয়ের জন্য কতটা সিরিয়াস থাকতে হয় এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সেটা ইরফানকে দেখে মুগ্ধ হয়েছি। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। ইরফান ভীষণ দায়িত্বশীল অভিনেতা এবং সমাজ সচেতন মানুষ।”
ইরফান খান ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে স্কলারশিপ পান নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে। ছোটপর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও ১৯৮৮ সালে মীরা নায়ারের ‘সালাম বম্বে’র মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমায় অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মকবুল, হায়দার, তলভার, দ্য লাঞ্চবক্স, লাইফ ইন আ মেট্রো, পিকু, হিন্দি মিডিয়াম, দ্য নেমসেক, লাইফ অব পাই প্রভৃতি।
ভারতের বেসামরিক সম্মান পদ্মশ্রী রয়েছে ইরফানের ঝুলিতে। ‘পান সিং তমর’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জেতেন জাতীয় পুরস্কার। এ ছাড়া একাধিকবার পান ফিল্মফেয়ার পুরস্কার।