পিকু সিনেমার পরপরই ধরা পড়ে ইরফান খানের শরীরে নিউরোঅন্ডোক্রাইন টিউমার বাসা বেঁধেছে। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান এই বলিউড অভিনেতা। স্ত্রী সুতপা শিকদারের সঙ্গে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে একবার দেশে ফেরেন ইরফান খান। প্রয়োজনীয় কাজ মিটিয়ে ফের বিদেশে উড়ে যান তিনি।
ওই সময় বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়ে ইরফানের ছবি। যদিও ওই সময় নিজের চেহারা প্রকাশ করতে চাননি বলিউড অভিনেতা। ফলে মুখ ঢেকেই বিমানবন্দরে আসেন ইরফান।
সোমবার থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। গুরুতর অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আইসিইউতে নিয়ে যান চিকিৎসকেরা। সেখানেই চলছিল তার চিকিৎসা।
বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।