পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়াতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগমকে লাঞ্ছিত করেছে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালী ও বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের ১০জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনসহ করোনা পজিটিভ রোগীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠিয়েছেন। বাড়িটি লকডাউন করা হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
নমুনা পরীক্ষায় গত সোমবার ওই গ্রামের ঢাকা ফেরত এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায় তার বাড়ি লকডাউন করা হয়। সামাজিকভাবে ওই পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য তাদের পরিবারের সদস্যকে করোনা পজিটিভ দেখানো হয়েছে এমন ধারণা করে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে একই এলাকায় বসবাসকারী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগমের স্বামী মো. আনিচকে পেয়ে ওই বাড়ির দুলাল গাজি, ফিরোজ গাজি, রেজাউল গাজি ,জাকির গাজিসহ পরিবারের সদস্যরা তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে মরিয়ম বেগম সেখানে উপস্থিত হলে তাকেও লাঞ্ছিত করে তারা।
অপর দিকে গত সোমবার গলাচিপা উপজেলার চরবিশ্বাসে ইউপি সদস্যের করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী, দুই ছেলে, দুই ছেলের স্ত্রী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।